আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ: রাবি যেন এক টুকরো ফুটবল গ্যালারি

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১২:৫৩ পিএম


আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ: রাবি যেন এক টুকরো ফুটবল গ্যালারি
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে ফুটবল উন্মাদনায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) । ছবি: আরটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা–ইংল্যান্ড সেমিফাইনালকে ঘিরে ফুটবল উন্মাদনায় মুখর হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। খেলা শুরুর অনেক আগ থেকেই বিভিন্ন আবাসিক হল ও মেস থেকে শিক্ষার্থীরা হবিবুর রহমান হল মাঠ ও কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হতে থাকেন। প্রিয় দলের জার্সি, পতাকা, ব্যানার, মুখে রঙের আঁচড় ও স্লোগানে ক্যাম্পাস যেন রূপ নেয় এক টুকরো ফুটবল গ্যালারিতে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল মাঠে রাকসুর উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রদলের উদ্যোগে বড় এলইডি পর্দায় ম্যাচটি সরাসরি দেখানো হয়। দুই স্থানে হাজারো শিক্ষার্থী একসঙ্গে খেলা উপভোগ করেন। আর্জেন্টিনা ও ইংল্যান্ড—উভয় দলের সমর্থকদের মধ্যেই ছিল তুমুল উত্তেজনা।

আরও পড়ুন

ম্যাচ চলাকালে প্রতিটি আক্রমণ, গোলের সুযোগ ও দুর্দান্ত রক্ষণে করতালি, উল্লাস ও হতাশার মিশ্র প্রতিক্রিয়ায় মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। বিশেষ করে আর্জেন্টিনার গোলের পর সমর্থকদের উচ্ছ্বাস ও স্লোগানে উৎসবের আমেজ আরও বেড়ে যায়।

আর্জেন্টিনার সমর্থক সাজ্জাদ হোসেন আরটিভিকে বলেন, আজ পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ। মনে হচ্ছে, আমরা যেন স্টেডিয়ামের গ্যালারিতেই বসে খেলা দেখছি। প্রিয় দলের জয় নিয়ে ঘরে ফিরেছি। আশা করি, ফাইনালেও শিরোপা জিতবে আর্জেন্টিনা।

ম্যাচ শেষে আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। তবে পুরো আয়োজনজুড়ে জয়-পরাজয়ের ঊর্ধ্বে থেকে শিক্ষার্থাদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও খেলাধুলার প্রতি ভালোবাসার চিত্রই ছিল সবচেয়ে বেশি চোখে পড়ার মতো।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission